সিলেটে সকালে ধর্মঘট ডেকে বিকেলেই প্রত্যাহার
সিলেট বিভাগের সব পেট্রল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রত্যাহার করেছেন মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ।
হুমায়ূন আহমেদ জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এই মুহূর্ত থেকে সিলেটের সব পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
ডিসি মো. সারওয়ার আলমের সভাপতিত্বে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় বসেন পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।
এর আগে পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা এবং নানা ধরনের হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব ধরনের পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা নিশ্চিত করেন।
এরপর গভীর রাত পর্যন্ত পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে মোগলাবাজার এলাকায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে বৈঠক করেন। সভা শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, অ্যাজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম জানান, জনস্বার্থে ধর্মঘট স্থগিত করা হবে। তবে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে সিলেটের সব পেট্রল পাম্প বন্ধ রাখা হয়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: