রাতে আসছে আরেকটি
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলের একটি চালান নিয়ে শুক্রবার ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ। আজ রাতেই মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরে ভিড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইয়ান জিং হে’ নামের জাহাজটি শুক্রবার ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে । জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে এবং জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হবে।
তিনি আরও বলেন, আজ রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে আসার কথা রয়েছে। এছাড়া আগামীকাল এলএনজি নিয়ে আরও একটি জাহাজ আসার কথা আছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এর আগে মার্চ মাসে বিভিন্ন প্রকার জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে এসেছিল।
বিভি/এজেড



মন্তব্য করুন: