যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কি না স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দু’দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় খলিলুর রহমান আরও বলেন, জ্বালানি নিরাপত্তা জন্য বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই বলেও মন্তব্য করেন ড. খলিলুর।
তেল কেনার বিষয়ে তিনি বলেন, রাশিয়া থেকে তেল নিতে অনেক দেশেরই নিষেধাজ্ঞা আছে। সাশ্রয়ী সোর্স থেকে তেল আনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
জ্বালানি খাতে সহযোগিতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার কিছু বিষয় গোপনীয়তার কারণে এই মুহূর্তে প্রকাশ করা না গেলেও, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য বিশ্ববাজারে সবচেয়ে প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সফরের জন্য নির্দিষ্ট কোনো দেশের নাম চূড়ান্ত হয়নি।
বিভি/এজেড



মন্তব্য করুন: