• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য প্রতিমন্ত্রী

বাসস

প্রকাশিত: ১৮:০৯, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য প্রতিমন্ত্রী

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে বছরে ৬ মাস (আগস্ট-নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) প্রতি মাসে পরিবারপ্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। সে হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে সর্বমোট ১০ লাখ মেট্রিক টন চালের সংস্থান রাখা হয়েছে।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৯ মার্চ পর্যন্ত এ খাতে ৭.৯৩ লাখ মেট্রিক টন সাধারণ চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সংসদে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, একই কর্মসূচির আওতায় হতদরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ৫ মাসে ভিটামিন এ, ভিটামিন বি-১, ভিটামিন বি-১২, ভিটামিন বি-৯ (ফলিক অ্যাসিড), আয়রন ও জিংকসমৃদ্ধ ২৪৮টি উপজেলায় ৩ দশমিক ৭ লাখ মেট্রিক টন পুষ্টিচাল সরবরাহ করা হচ্ছে।

খাদ্য প্রতিমন্ত্রী জানান, বাজারদর নিয়ন্ত্রণের মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওএমএস (সাধারণ) কার্যক্রমের মাধ্যমে ১২টি সিটি কর্পোরেশন, ১৪টি শ্রমঘন জেলা এবং ৫২টি জেলা সদর পৌরসভায় ১,০৯১টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রতিদিন ১,১৮৫ মেট্রিক টন চাল ও ১,৪৩২ মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে।

এছাড়াও চালের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রম হিসেবে ৪১৮টি উপজেলায় ৮৩৬টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে প্রতিদিন ৪০৬ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে ওএমএস খাতে ৩ লাখ মেট্রিক টন চাল এবং প্রায় ৫ লাখ মেট্রিক টন গমের বাজেট রয়েছে। গত ১৯ মার্চ পর্যন্ত এ খাতে ২ লাখ ৯ হাজার মেট্রিক টন চাল এবং ৩ লাখ ২৭ হাজার মেট্রিক টন গমের আটা বিক্রি করা হয়েছে, যা সংস্থানকৃত বাজেটের প্রায় ৭০ শতাংশ।

টিসিবির পণ্যের বিষয়ে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে খাদ্য অধিদপ্তর টিসিবির মাধ্যমে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মাঝে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৮৩৩ মেট্রিক টন চাল বিক্রি করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: