পুকুরে বিষ প্রয়োগ, পাশে থাকা খামারের ৩ শতাধিক হাঁসের মৃত্যু!
রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরে বিষপ্রয়োগ করে মাছ ধরার অভিযোগে এক হাঁস খামারির প্রায় ৩শতাধিক হাঁস মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী খামারি মো. শামসু মোল্লা (৭৩)।
ভুক্তভোগী মো. শামসু মোল্লা জানান, তিনি গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পূর্ব ছোটভাকলা এলাকার বাসিন্দা। গোয়ালন্দ উপজেলাধীন নতুন পাড়ার জনৈক শাহিনের বাড়ির পূর্ব পাশে তার একটি হাঁসের খামার রয়েছে। ওই খামারে ক্যাম্বেল জাতের প্রায় ১ হাজার ৫০টি হাঁস পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার আব্দুল মান্নান ঠান্ডু (৫০) ও ছাত্তার (৬০) নামের দুই ব্যক্তি তাদের লীজ নেওয়া জলাশয়ে গত ৫ এপ্রিল দিবাগত রাতে বিষপ্রয়োগ করে মাছ শিকার করেন। তাদের জলাশয়ের পাশেই শামসু মোল্লার হাঁসের খামার ও পুকুর অবস্থিত।
তিনি আরও জানান, অভিযুক্তরা বিষ প্রয়োগের বিষয়ে তাকে কোনো ধরনের পূর্ব সতর্কতা বা অবহিত করেননি। ফলে প্রতিদিনের মতো ৬এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে তিনি খামারের হাঁসগুলো পুকুরে ছেড়ে দেন। কিছুক্ষণের মধ্যেই বিষযুক্ত পানিতে নেমে ভেসে থাকা মরা মাছ খেয়ে তার প্রায় ৩০০টি হাঁস মারা যায়।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মান্নান ঠান্ডু'র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলো তিনি জানান, গত তিনদিন আগে ওই পুকুরে ভ্যাকসিন দেওয়া হয়েছিল ঠিক কিন্তু তার আগে সামসু মোল্লাকে জানিয়ে দেওয়া হয়েছিল, তার পরেও সামসু মোল্লা হাঁস গুলো নিজের ইচ্ছায় পুকুরে ছেড়ে দেয়। এতে হাঁস গুলোর হয়তোবা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে!
এ ঘটনায় তিনি গুরুতর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন দাবি করে বলেন, আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি।
এ বিষয়ে তিনি গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ক্ষতিপূরণসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, এ ধরনের বিষপ্রয়োগে মাছ শিকার শুধু পরিবেশের জন্যই ক্ষতিকর নয়, আশপাশের খামার ও জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।
গোয়ালন্দঘাট থানার এসআই ফারুক হোসেন জানান, ঠান্ডু মিয়া ও ছাত্তার পুকুরে বিষ প্রয়োগ করে খামারি মো. শামসু মোল্লার তিনশতাধিক হাঁস মারার অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং সরজমিন এসে দেখলাম কিছু হাস মারা গিয়েছে সত্য তবে এটি কিভাবে মারা গিয়েছে সেই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত খামারি দ্রুত ন্যায়বিচার পাওয়ার আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: