নয়াদিল্লিতে বৈঠক: যেসব বিষয়ে আলাপ করলেন দুই পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে পৃথকভাবে গণমাধ্যমকে উভয় মন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার গুরুত্বের ওপর জোর দেন। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের গ্রেফতার করার জন্য ড. খলিলুর রহমান ভারত সরকারকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির নিয়ম অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয়পক্ষ সম্মত হন।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়েও আলোচনা হয়। ড. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার “বাংলাদেশ ফার্স্ট” নীতি অনুসরণ করবে এবং পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
মন্ত্রী জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করা হবে, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা। এছাড়া, দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত পরামর্শ ও যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত হন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এস. জয়শঙ্কর লিখেছেন, “আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন সম্পর্কেও মতবিনিময় করেছি এবং নিবিড় যোগাযোগের বিষয়ে সম্মত হয়েছি।”
এদিকে, সম্প্রতি ভারতের পক্ষ থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ড. খলিলুর রহমান মন্ত্রী হরদীপ পুরীকে ধন্যবাদ জানিয়ে সরবরাহের পরিমাণ বৃদ্ধির অনুরোধ করেছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: