একনেকে ইলেক্ট্রিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন, ব্যয় যতো
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন পেয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় তিন হাজার ৮২২ কোটি টাকা। ২০৩১ সালে এই প্রকল্প চালুর পরিকল্পনা করেছে সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকার ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একনেকে অনুমোদিত প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে ৫৭ কোটি ৭১ লাখ টাকা। অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সাতটি নতুন ও পাঁচটি সংশোধিত।
বৈঠকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫ প্রকল্প একনেক বৈঠকে উপস্থাপন করা হয়। এসব প্রকল্পগুলো ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত হওয়ায় এগুলো পরিকল্পনামন্ত্রী নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন করেছেন। পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত প্রকল্পগুলো একনেক বৈঠকে অবহিত করতে হয়।
পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (২য় সংশোধিত), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ (১ম সংশোধিত), ভাসানচরে গ্রিন বেল্ট প্রতিষ্ঠা ও কক্সবাজারে রোহিঙ্গা প্রভাবিত এলাকায় পুনর্বনয়ন (১ম সংশোধিত), দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ এবং অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প।
এছাড়া রংপুর জোনে ঝুঁকিপূর্ণ বেইলী ও অন্যান্য সেতু প্রতিস্থাপন (১ম সংশোধিত), আরডিএ ভবনের ৫ম থেকে ১০ম তলা নির্মাণ, জালালাবাদ সেনানিবাসে এসআইঅ্যান্ডটির সক্ষমতা বৃদ্ধিতে কোয়ার্টার গার্ড নির্মাণ, সিলেট বিভাগে বন্যা পূর্বাভাসের জন্য ৩ডি মডেল প্রস্তুতকরণ (১ম সংশোধিত), সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদারকরণ (এসএসপিআরআইটি) (১ম সংশোধিত) প্রকল্প, বরগুনা ও দিনাজপুর জেলা স্টেডিয়ামের উন্নয়ন এবং সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খনন (২য় সংশোধিত) প্রকল্প সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: