• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফেরেননি ভারতীয় প্রকৌশলীরা, সচল হয়নি রামপালের ত্রুটিপূর্ণ ইউনিট

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফেরেননি ভারতীয় প্রকৌশলীরা, সচল হয়নি রামপালের ত্রুটিপূর্ণ ইউনিট

ত্রুটির কারণে চার দিন ধরে বন্ধ রয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট। ত্রুটি মেরামতে ভারত থেকে দুইজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা থাকলেও বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পর্যন্ত তারা এসে পৌঁছাননি। ফলে ইউনিটটি কবে নাগাদ পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না কর্তৃপক্ষ।

ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি গত কয়েক মাস ধরে জাতীয় গ্রিডে প্রতিদিন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। তবে হঠাৎ বয়লার অতিরিক্ত গরম হওয়া ও অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে গত রোববার সকালে কেন্দ্রটির ২ নম্বর ইউনিট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির সার্বিক উৎপাদন ১ হাজার ১০০ মেগাওয়াট থেকে কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

এ বিষয়ে জানতে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (BIFPCL) প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি বর্তমানে ‘কুল ডাউন’ বা ঠান্ডা করার প্রক্রিয়ায় রয়েছে। ত্রুটিপূর্ণ ইউনিটটি সচল করতে ভারতীয় প্রকৌশলীরা কবে নাগাদ পৌঁছাবেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

এদিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে উৎপাদন কমে যাওয়ায় বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে গ্রাহকদের লোডশেডিংয়ের ভোগান্তি বেড়েছে। তীব্র গরমের মধ্যে লোডশেডিংয়ে জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দ্রুত মেরামতকাজ শেষ করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি পূর্ণ উৎপাদনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকেরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: