• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহদী আমিন

বাসস

প্রকাশিত: ২১:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও সংস্কার কার্যক্রমের অগ্রগতির কথাও তুলে ধরেছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, সম্প্রতি ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী গ্যাস সংকট দ্রুত কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই মধ্যে সেই উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে এবং গ্যাসের সরবরাহ অনেকটাই বেড়েছে। শিল্পকারখানা সচল রাখা ও অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

সরকারের বিভিন্ন অগ্রগতি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, মূল্যস্ফীতি কমার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হয়েছে। তার দাবি, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের রেটিংয়ে বাংলাদেশ নেতিবাচক থেকে স্থিতিশীল অবস্থায় ফিরেছে।

জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দুই ধাপে ৩০০টি নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলএনজি সক্ষমতা বাড়িয়ে বিদ্যমান দুটি এফএসআরইউর সঙ্গে আরও তিনটি যুক্ত করে মোট পাঁচটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাহদী আমিন আরও জানান, সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণেও এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল, অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা বৃদ্ধি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্প্রসারণ, নারীর সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, নতুন হাসপাতাল নির্মাণ, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

স্বাস্থ্য খাতে জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথাও জানান মাহদী আমিন।

সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা বা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পৃথকভাবে যাচাই প্রয়োজন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, সাত মাসে সব সমস্যার শতভাগ সমাধান সম্ভব নয়। তবে সরকারের পরিকল্পনা ও জবাবদিহির মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ, স্বনির্ভর ও জনকল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরের কাজ চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: