• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কোনো ব্যক্তি নয়, লক্ষ্য মানবতাবিরোধী অপরাধের বিচার: আইনমন্ত্রী

প্রকাশিত: ১৪:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কোনো ব্যক্তি নয়, লক্ষ্য মানবতাবিরোধী অপরাধের বিচার: আইনমন্ত্রী

ছবি: যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের বিচার কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এসব মামলায় সরকারের হাতে পর্যাপ্ত ও শক্তিশালী তথ্য-প্রমাণ রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালামসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংবিধান বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে রাজনৈতিক নির্বাহীদেরও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে বিচারপ্রক্রিয়ার লক্ষ্য কোনো ব্যক্তি নয়। ফৌজদারি মামলার মৌলিক নীতি অনুযায়ী যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে অপরাধ প্রমাণের ভিত্তিতেই বিচার সম্পন্ন হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি দাবি করেন, বিগত শাসনামলে গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে অবস্থান নেওয়া ৪ হাজার ৫০০-এর বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৭০০ জন গুমের শিকার হয়েছেন। বিএনপির সঙ্গে সম্পৃক্ত ৬০ লাখের বেশি মানুষ রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

বর্তমান সরকারের সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানান আসাদুজ্জামান। তাঁর দাবি, ছয় মাসের বেশি সময়ে এ ধরনের ঘটনা প্রায় শূন্যের কোঠায় রয়েছে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু আইনজ্ঞদের বিষয় নয়; দেশের প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকানেও এখন সংবিধান, অধিকার ও সংশোধনী নিয়ে আলোচনা হয়। এসব আলোচনা মানুষের সাংবিধানিক সচেতনতা বাড়াচ্ছে।

মানবাধিকার কমিশন আইন প্রসঙ্গে তিনি জানান, নতুন আইনে নির্যাতনবিরোধী জাতিসংঘের ঐচ্ছিক প্রটোকল (OP-CAT) অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবিধানিক শাসন ও সুশাসনকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

বিভি/এমআর

মন্তব্য করুন: