• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

প্রকাশিত: ১৪:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাবে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে ১৩তম এশিয়া এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পর্যটনমন্ত্রী।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেশের পর্যটন শিল্প নিয়ে যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়নে সরকার কাজ করছে। দেশের পর্যটন খাতের বিকাশ এবং বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজার, সুন্দরবনসহ প্রধান পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পর্যটনকে আরও বিকশিত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের পর্যটন মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই শতাধিক পর্যটন প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি স্টল ও প্যাভিলিয়ন স্থান পেয়েছে। মেলায় দেশি-বিদেশি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যের প্রদর্শনীর পাশাপাশি ট্যুর অপারেটরদের জন্য থাকছে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশন।

তিন দিনব্যাপী এ পর্যটন মেলা আগামী ১৯ সেপ্টেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: