• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রকল্প না বাড়িয়ে বিদ্যমান প্রকল্প বাস্তবায়ন করতে হবে: প্রতিমন্ত্রী সাকি

মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:২২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রকল্প না বাড়িয়ে বিদ্যমান প্রকল্প বাস্তবায়ন করতে হবে: প্রতিমন্ত্রী সাকি

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, নতুন করে প্রকল্প বাড়ানোর চেয়ে বিদ্যমান প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এতে সময় ও অর্থ-দুটিই সাশ্রয় হবে এবং মানুষ বেশি উপকৃত হবে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্রা এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাড়িয়ে বাস্তবায়ন করা সম্ভব না হলে মানুষের কল্যাণে তা কোনো কাজে আসবে না। বিদ্যমান প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন প্রকল্পের সময় কমবে, অন্যদিকে অর্থেরও সাশ্রয় হবে।

তিনি বলেন, সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে। সুপেয় পানি সরবরাহের জন্য বর্তমানে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে। এই পানি যেন জেলার সব মানুষের জন্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানিকগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে।

মতবিনিময় সভায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খানসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

বিভি/এসজি

মন্তব্য করুন: