• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ভোলার লালমোহনে স্পিকার হাফিজ উদ্দিনকে সংবর্ধনা 

ফয়সল বিন ইসলাম নয়ন, ভোলা

প্রকাশিত: ২১:১১, ২০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভোলার লালমোহনে স্পিকার হাফিজ উদ্দিনকে সংবর্ধনা 

ভোলার লালমোহন জাতীয় সংসদের স্পীকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান (সভাপতি) নির্বাচিত হওয়ায়  নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠন এই সংবর্ধনার আয়োজন করেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নিজেদের সংশোধন করতে হবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন, ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী তাকে পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। একইভাবে, গতকাল সাদেক হোসেন খোকার ছেলে ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন।

তিনি বলেন, ইশরাক হোসেনের মাদক ও দুর্বৃত্ত দমনে যাওয়ার উদ্যোগটি ভালো ছিল। তিনি পুলিশের ওপর গুলিবর্ষণকারী একদল মাদকসেবীকে দমন করতে গিয়েছিলেন। তবে তাঁর নিজের হাতে অস্ত্র নেওয়াটা ঠিক হয়নি, এটি তাঁর পদমর্যাদার সঙ্গে মানানসই নয়। তিনি সরকারের একজন প্রতিমন্ত্রী। তাঁর সঙ্গে বডিগার্ড ও পুলিশ সদস্য রয়েছেন। প্রয়োজনে দলীয় কর্মীরাও সহযোগিতা করতে পারেন। একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই শোভা পায় না।

স্পিকার আরও বলেন,এ কারণেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে মাদক ও দুর্বৃত্ত দমনে তাঁর উদ্যোগের বিষয়টি ইতিবাচক ছিল। এ কারণে সাধারণ মানুষ ভবিষ্যতে তাঁর কাজের মূল্যায়ন করবেন।

তিনি বলেন,এই দুটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। অতীতে কোনো রাজনৈতিক দলই নিজেদের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপসহীন। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন।

গত ১৭-১৮ বছরের দুঃশাসনের পর জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে উল্লেখ করে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। এ জন্য আপনারা পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করবেন। আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি সব সময় আপনাদের পাশে থাকবে। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন,সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ সময় কিছু লোক সাধু সাজার চেষ্টা করবে। এটাই ভোটার হওয়ার সার্থকত ভোটের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার সুযোগ পাবেন।

এসময় তিনি আরো বলেন, এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে।  এর মধ্যে আমাকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হলো।  সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। 

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকারকে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

স্পিকার বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। উৎসবের আনন্দ সবার জীবনে নতুন প্রেরণা বয়ে আনুক এবং বহুমাত্রিক সমাজ ও জীবনবোধকে আরও সমৃদ্ধ করুক।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: