জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি
ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান গুরুত্ব দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। মাঠপর্যায়ে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে।’
১১-দলীয় জোটের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, জোটটির পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশে সংঘাত ও লজ্জাজনক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।
সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: