• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ

প্রকাশিত: ১৩:১২, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ

মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ পাওয়া সাত বীরের অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মদিন আজ। ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন তিনি।

মতিউর রহমানের বাবা মৌলভী আবদুস সামাদ এবং মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। তাদের পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে, যা বর্তমানে মতিনগর নামে পরিচিত।

ঢাকা কলেজিয়েট স্কুলে পড়াশোনা শেষে তিনি পাকিস্তানের সারগোদায় বিমানবাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন। ১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৬৩ সালে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন এবং পরে ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত থাকা অবস্থায়ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন মতিউর রহমান। ছুটিতে দেশে এসে ভৈরবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের উদ্যোগ নেন। পরে পাকিস্তানে ফিরে সেখান থেকে একটি প্রশিক্ষণ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করেন।

১৯৭১ সালের ২০ আগস্ট পাকিস্তানের করাচির মাসরুর বিমানঘাঁটি থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়নের সময় বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে বিমানটি সিন্ধু প্রদেশের থাট্টা এলাকায় বিধ্বস্ত হলে শহীদ হন মতিউর রহমান।

তার অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়। দীর্ঘ ৩৫ বছর পর ২০০৬ সালে তাঁর দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে এনে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় পুনঃসমাহিত করা হয়।

দেশের স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ ও দেশপ্রেম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: