সংবিধান সংশোধন কমিটির বৈঠকে শিক্ষা ও চিকিৎসায় অগ্রাধিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, জুলাই সনদের টেকসই বাস্তবায়ন এবং নারী ও শিশুর সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। এ সময় সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, গণঅভ্যুত্থানের দাবি যথাযথভাবে বাস্তবায়ন এবং জুলাই সনদের টেকসই বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। যুগে যুগে তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে উল্লেখ করে তরুণদের কল্যাণে জনবান্ধব সংবিধান সংশোধনের মাধ্যমে জাতির জন্য একটি যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদের ৬(ক) ধারায় উল্লিখিত ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ বিষয়ে সব দল একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করলেও বিরোধী দল এ বিষয়ে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রেখে তরুণরা বৈঠকে সহমত পোষণ করেন বলেও জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: