বিদ্যুৎ উৎপাদনে বড় অংকের ভর্তুকি দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ফাইল ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের উপকরণগুলোর দাম অত্যধিক বেড়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধান মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে বড় অংকের ভর্তুকি দিচ্ছে সরকার। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানাই।
এসময় মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সততা নিয়ে কাজ করলে, মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারলে, বারবার জনমর্থন পাওয়া যায়। ভোটারদের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে জনপ্রতিনিধের। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের অধিকার নিশ্চিত করতেই কাজ করছে। মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে বলেই বার বার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুসিকের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতকে শপথবাক্য পাঠ করান। আর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদেরকে শপথবাক্য পাঠ করান।
দীর্ঘ ৩১ বছর পর নগর পিতার আসনটি উদ্ধার করেছে আওয়ামী লীগ। সর্বশেষ পৌরসভার আমলে ১৯৮৪ সালে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় পৌর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এর পর আর কোনো আওয়ামী লীগ নেতা পৌর চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি।
গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। ১৬ জুন আরফানুল হককে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ২৩ জুন বাংলাদেশ গেজেটে মেয়রসহ নবনির্বাচিত কাউন্সিলরদের নামের তালিকা প্রকাশিত হয়।
বিভি/এএন



মন্তব্য করুন: