তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে পেয়ে আপ্লুত পরিবারের সদস্যরা
সপরিবারে দেশের মাটিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ঢাকায় পা রাখলেন তিনি। সাথে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন, সৈয়দ মইনউদ্দিন আহমেদ এবং তাবাসসুম ফারহানা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।
এ সময় ভিআইডি লাউঞ্জে ছিলেন তারেক রহমানের শাশুড়িও। দীর্ঘদিন পর মেয়ের জামাইকে কাছে পেয়ে তিনি আপ্লুত হয়ে পড়েন। তারেক রহমানকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। একমাত্র নাতনী জায়মা রহমানের সাথে মেতে ওঠেন গল্পে।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি করেন তিনি। এর মধ্যে প্রথম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। পর্যায়ক্রমে অন্যান্য নেতাদের সাথে কোলাকুলি করেন তিনি।
এর আগে ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক লাইনের একটি স্ট্যাটাসে নিজের আবেগ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি লিখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।
বিভি/এজেড



মন্তব্য করুন: