• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

ক্ষমতায় গেলে যে তিন শর্তে দেশ গড়ার কথা বললেন জামায়াত আমীর

প্রকাশিত: ১৯:০৯, ২৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ক্ষমতায় গেলে যে তিন শর্তে দেশ গড়ার কথা বললেন জামায়াত আমীর

আগামী নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় গেলে ৩টি শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন। 

জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। প্রথমত- কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। দ্বিতীয়ত- সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তৃতীয়ত সকল বৈষম্যের কবর রচনা করতে গণভোটে হ্যাঁ দিয়ে পাস করাতে হবে। 

এসময় জামায়াত আমীর অভিযোগ করে বলেন, দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃতি উন্নতি হয়নি। কোনো একক দল নয়, জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে বলে আশ্বাস দেন তিনি।

শফিকুর রহমান বলেন, ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো। আগামীতে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে। সরকার গঠনের সুযোগ পেলে দেশের সবকটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। 

এ সময় অসম্মানের ভাতা নয়, বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার কথাও বলেন জামায়াতের আমির। তিনি বলেন, আমরা প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করবো। আর অনেকে বলেন বেকার ভাতা দেবেন, এটা অসম্মানের। আমরা বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবো।

জনসভায় জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান সভাপতিত্ব করেন। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা সফর করবেন। এরপর ঢাকায় ফিরবেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: