• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

জামায়াত আমীরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

প্রকাশিত: ২২:২১, ৩ মার্চ ২০২৬

আপডেট: ২২:২১, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
জামায়াত আমীরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। তিনি বর্তমান উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। 

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দলীয় প্যাডে জারি করা এক আনুষ্ঠানিক নিয়োগপত্রের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, মীর আহমাদ বিন কাসেম আরমান একজন সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজ্ঞ হিসেবে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি যে অঙ্গীকার প্রদর্শন করেছেন, তা বিবেচনায় নিয়েই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্বে তিনি বিরোধীদলীয় নেতার পক্ষে আন্তর্জাতিক বিষয়ে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করবেন। কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক অংশীদার এবং বিদেশি সরকার ও বহুপাক্ষিক সংস্থাগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করা হবে তার অন্যতম প্রধান কাজ।

ডা. শফিকুর রহমান চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে বাংলাদেশের স্বার্থ রক্ষা, সুশাসন, মানবাধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো বৈশ্বিক ইস্যুগুলোতে ব্যারিস্টার আরমান নীতিনিষ্ঠ ভূমিকা পালন করবেন।

ব্যারিস্টার আরমান হিসেবে পরিচিত মীর আহমাদ বিন কাসেম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর প্রয়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ছেলে। ২০১৬ সালের ৯ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহৃত হওয়ার পর দীর্ঘ আট বছর তিনি ‘আয়নাঘর’ নামক একটি গোপন বন্দিশালায় আটক ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, ৬ আগস্ট তিনি মুক্তি পান।

বিভি/এসজি

মন্তব্য করুন: