• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

স্বাধীনতা বিরোধীদের ভোটে উত্থানে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে: নাছির

প্রকাশিত: ১৭:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
স্বাধীনতা বিরোধীদের ভোটে উত্থানে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে: নাছির

মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাছির উদ্দীন নাছির বলেন, মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।

তিনি বলেন, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, যারা এখনো স্বাধীনতাকে স্বীকার করে না বা কটাক্ষ করে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

নাছির দাবি করেন, স্বাধীনতার বিরোধী শক্তি বিভিন্নভাবে ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ করছে। এই বাস্তবতা সামনে রেখে আমাদের সংগঠনকে আরও প্রস্তুত হতে হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। তবে মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী অপচেষ্টা রুখতে আদর্শিক ও সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিতে হবে। আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকেই কাজ করতে হবে।

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পরও সারাদেশে নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নাছির অভিযোগ করেন, ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে মিথ্যা প্রচারণা চালিয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে। ভুল তথ্য ও উসকানির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: