গণতন্ত্রের প্রেরণা হিসেবে জীবিত থাকবেন খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি যত আসনেই নির্বাচন করেছেন, সব আসনেই জিতেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে, তিনি মানুষের মনে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আগে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, আজকে জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে।
উল্লেখ্য, এদিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন এই সংসদে সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও স্পিকার হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল এবং মন্ত্রীসভায় নতুন করে যুক্ত হয়েছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: