নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রবিবার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুই দিনের এই কর্মসূচির ঘোষণা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি এদিন ভোর ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে।
পরবর্তীতে স্মৃতিসৌধ থেকে ফিরে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। এরপর মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ (বুধবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠেয় ওই সভায় জাতীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। পাশাপাশি জেলা-উপজেলা ও পৌরসভাসহ দেশের সব ইউনিটে আলোচনা সভা ছাড়াও দিবসটিকে ঘিরে অন্যান্য কর্মসূচির আয়োজন করা হবে। সেই সঙ্গে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।
বিভি/এসজি



মন্তব্য করুন: