জামায়াতের লং মার্চ আ. লীগকে মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে: রাশেদ খান
ছবি: সংগৃহীত
জামায়াতের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাঁশেদ খান। তিনি বলেছেন, লং মার্চের নামে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে সরকারকে দেশ পরিচালনায় অসহযোগিতার পাশাপাশি জ্বালানির অপচয় হচ্ছে।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর) সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনাস্থল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জামায়াতের লং মার্চের সকল দাবি সরকার বাস্তবায়ন করেছে। এরপরও তারা অযৌক্তিক ও জনভোগান্তি সৃষ্টি করে এমন কর্মসূচি পালন করছে। লং মার্চের কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। সরকার ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল বলেই জামায়াতকে লং মার্চ কর্মসূচিতে সহযোগিতা করছে। তবে কর্মসূচির নামে রাস্তাঘাট বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং জ্বালানির অপচয় কোনোভাবেই কাম্য নয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জামায়াতের এমন কর্মসূচি আওয়ামী লীগকে আবারও মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে। সরকার যখন দেশ পরিচালনা করছে, তখন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহযোগিতার পরিবেশ তৈরি করা হলে তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে।
তিনি আরও বলেন, সরকারের প্রতি ভিন্নমত থাকতেই পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে জনস্বার্থ ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানসহ অন্যরা।
এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
বিভি/এআই













মন্তব্য করুন: