• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

জানা গেলো ঈদুল ফিতরের প্রধান জামাত কোথায়-কখন

প্রকাশিত: ১৪:১৫, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১৫:১২, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
জানা গেলো ঈদুল ফিতরের প্রধান জামাত কোথায়-কখন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে চলেছে। এ উপলক্ষে ওই দিন সকাল ৮টায় রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে, আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ঈদুল ফিতর উদযাপনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভার সিদ্ধান্তে বলা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতের আয়োজন করা হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজন করতে হবে। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঈদুল ফিতরের প্রধান জামাতের ইমাম মনোনয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিশিষ্ট তিনজন আলেম, পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য তিনজন বিশিষ্ট ক্বারী এবং জামাত পরিচালনার জন্য তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে। এই তালিকা থেকে একজন ইমাম ও একজন বিকল্প ইমাম, একজন ক্বারী ও একজন বিকল্প ক্বারী, এবং একজন উপস্থাপক ও একজন বিকল্প উপস্থাপক ধর্ম মন্ত্রণালয় মনোনয়ন দেবে। মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: