ওমরাহযাত্রীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করল সৌদি সরকার
ছবি: সংগৃহীত
ওমরাহযাত্রীদের ভিড় এড়িয়ে চলাচল সহজ করতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ভিড়ের পরিস্থিতি সম্পর্কে তথ্য জানার পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মানচিত্র ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থান, সেবাকেন্দ্র ও যাতায়াতের পথ খুঁজে নিতে পারবেন মুসল্লিরা।
সৌদি আরবের হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং মুসল্লিদের সেবার মান উন্নত করার উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। বিশেষ করে রমজান মাস, ওমরাহর মৌসুম ও সরকারি ছুটিতে পবিত্র দুই মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেড়ে যায়। এ সময় তাওয়াফ, সাঈ ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন ডিজিটাল সেবার মাধ্যমে মসজিদুল হারামের তাওয়াফের এলাকা এবং সাফা ও মারওয়ার মধ্যবর্তী সাঈয়ের পথে ভিড়ের পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যাবে। এসব তথ্যের ভিত্তিতে মুসল্লিরা চলাচল ও ইবাদতের পরিকল্পনা করতে পারবেন। এতে অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় অপেক্ষা কমানোর সুযোগ তৈরি হবে।
বিশেষ করে বয়স্ক মুসল্লি, শিশুদের নিয়ে আসা পরিবার এবং চলাচলে শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, এমন ব্যক্তিদের জন্য এ সেবা উপকারী হতে পারে। তবে ভিড়সংক্রান্ত তথ্য পরিস্থিতি সম্পর্কে ধারণা দিলেও তা নির্দিষ্ট সময়ে অপেক্ষার পরিমাণ বা চলাচলের নিশ্চয়তা দেয় না। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা ও নিরাপত্তাবিধি অনুসরণ করা জরুরি।
নতুন ব্যবস্থায় যুক্ত করা হয়েছে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মানচিত্র। এর সাহায্যে পবিত্র দুই মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, সেবাকেন্দ্র ও অন্যান্য প্রয়োজনীয় স্থাপনার অবস্থান শনাক্ত করা যাবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিজিটাল মানচিত্রে প্রায় ৯৫০টি গুরুত্বপূর্ণ স্থান ও পয়েন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ১৭টির বেশি শ্রেণিতে এক লাখেরও বেশি সম্ভাব্য চলাচলের পথের নির্দেশনা রাখা হয়েছে। ফলে মুসল্লিরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট স্থান ও সেবাকেন্দ্র খুঁজে নিতে পারবেন।
বিশেষ করে বিদেশ থেকে আসা এবং প্রথমবারের মতো ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের জন্য এ সুবিধা গুরুত্বপূর্ণ হতে পারে। অপরিচিত পরিবেশে প্রয়োজনীয় স্থান খুঁজে পেতে যে সময় ও ভোগান্তি হয়, ডিজিটাল মানচিত্র তা কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী মুসল্লিদের সুবিধার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে। তাদের জন্য সহজে প্রবেশযোগ্য স্থান ও উপযোগী চলাচলের পথ শনাক্ত করার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি মসজিদ প্রাঙ্গণে থাকা ডিজিটাল স্ক্রিন এবং বিভিন্ন স্থানে স্থাপিত কিউআর কোডের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য পাওয়ার ব্যবস্থা রয়েছে।
সৌদি আরবে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বিপুলসংখ্যক মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করা, চলাচল সহজ করা এবং পবিত্র স্থানগুলোতে সেবার মান বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নতুন ডিজিটাল সেবার মাধ্যমে ভিড়ের পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা পাওয়া এবং প্রয়োজনীয় স্থান সহজে খুঁজে নেওয়ার সুযোগ তৈরি হবে। এর ফলে মুসল্লিদের সময় সাশ্রয়, চলাচলে ভোগান্তি হ্রাস এবং পবিত্র দুই মসজিদে ইবাদতের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় হতে পারে।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: