• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

শাহ আমানত বিমানবন্দর সড়কে হচ্ছে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক

প্রকাশিত: ১৪:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শাহ আমানত বিমানবন্দর সড়কে হচ্ছে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক

পতেঙ্গা সমুদ্রসৈকত ও বিমানবন্দরসংলগ্ন সড়কের পাশে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে। নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও আধুনিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র জানান, সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি রাস্তার দুই পাশে দৃষ্টিনন্দন ফুটপাত এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে সাইকেল ট্র্যাক তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা বিএনপি সরকারের রয়েছে, তা বাস্তবায়িত হলে এ নগরীতে ব্যাপক শিল্পায়ন ঘটবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্নত অবকাঠামো ও আন্তর্জাতিক মানের যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যেই বিমানবন্দর ও পতেঙ্গা সৈকত এলাকাকে আধুনিকায়নের আওতায় আনা হয়েছে।

সাইকেল ট্র্যাক নির্মাণের মাধ্যমে একদিকে পরিবেশবান্ধব যাতায়াত উৎসাহিত হবে, অন্যদিকে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: