• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ ৮ জন দ্বগ্ধ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক 

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১১:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ ৮ জন দ্বগ্ধ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক 

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর হালিশহরের একটি বাসায় রান্না ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ ৮ জন দ্বগ্ধ হয়েছে। এরমধ্যে চারজনের অবস্থা শঙ্কাজনক বলেছেন চিকিৎসকেরা। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ আটজন হলেন—শাখাওয়াত হোসেন, মো. শিপন, মো. সুমন, মো. শাওন, মো. আনাস, মো. আইমান, আয়েশা আক্তার, পাখি আক্তার । দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থাই শঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে চারটার দিকে হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘরটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ওই বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে হয়তো গ্যাস লিক হয়েছিলো, যার কারণে রান্নাঘরে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন: