• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিলেন আইজিপি

প্রকাশিত: ১৭:০০, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিলেন আইজিপি

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে।

সোমবার (২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়কালে এ নির্দেশনা দেন আইজিপি।

তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে নির্দেশ দিয়ে পুলিশপ্রধান বলেন, ঈদে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করতে হবে।

আইজিপি বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যাতে তারা থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন। মানুষের সঙ্গে সদাচরণ করে তাদের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়নে সচেষ্ট থাকতে হবে। তিনি আরও বলেন, নিরপরাধ কাউকে কোনোভাবেই হয়রানি করা যাবে না।

ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: