গাইবান্ধায় অসহায়দের জন্য মাসব্যাপী ইফতার ও রাতের খাবার
প্রথম রমজানের বিকেল থেকেই শুরু হয় এই কর্মযজ্ঞ। বিশাল হাঁড়িতে রান্না, স্বেচ্ছাসেবকদের ছুটে চলা আর সারিবদ্ধভাবে বসার প্রস্তুতি। উদ্দেশ্য একটাই ভাসমান ও অসহায় মানুষের মুখে একবেলা ভালো খাবার তুলে দেওয়া। গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকায় মাসব্যাপী ইফতার ও রাতের খাবারের এই আয়োজন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র- জিইউকে।
আয়োজনের বিশেষ দিক হলো এখানে নেই কোনো ভেদাভেদ। ছিন্নমূল মানুষের পাশে একই কাতারে বসে ইফতার করেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একসাথে বসে খাবার ভাগ করে নেওয়ার এই দৃশ্য তৈরি করে সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন। বয়স্ক নারী-পুরুষ ও শিশুদের চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।
২০১৯ সালে শুরু হওয়া এই মানবিক উদ্যোগটি এবার পা দিয়েছে ৮ম বছরে। প্রতিদিন অন্তত ৫ শতাধিক বয়স্ক নারী, পুরুষ ও শিশু এখানে পুষ্টিকর ও মানসম্মত ইফতার গ্রহণের সুযোগ পান। সারাদিন রোজা রাখার পর, একসাথে বসে এমন তৃপ্তি নিয়ে খাবার খাওয়ার এই দৃশ্য যে কারও হৃদয় ছুঁয়ে যাবে।
শহরের ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষ যেন রমজান মাসে অন্তত এক বেলা পুষ্টিকর ভালো খাবার খেতে পারেন, সেই লক্ষ্যেই ৮ বছর ধরে এই সেবা দেওয়া হচ্ছে। মানবিক এই দায়বদ্ধতা থেকে এই ক্ষুদ্র প্রয়াস সব সময়ই অব্যাহত থাকবে বলে জানান-সংগঠনটির পরিচালক আবু সায়েম মোহাম্মদ জান্নাতুন নূর।
সুবিধাবঞ্চিত এই মানুষদের মুখে হাসি ফোটানোর মহতী এই উদ্যোগ সমাজের বিত্তবান ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও হতে পারে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এমন মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারাদেশে সবখানে-এমনটাই প্রত্যাশা সবার।
বিভি/এজেড



মন্তব্য করুন: