• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বড়শি দিয়ে একটি মাছ ধরেই জিতলেন দুই লাখ টাকার পুরস্কার!

প্রকাশিত: ২২:২৭, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বড়শি দিয়ে একটি মাছ ধরেই জিতলেন দুই লাখ টাকার পুরস্কার!

মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নিতে ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন মো. নাছির মিয়া (৫০)। সকাল থেকে বড়শি ফেলে অপেক্ষা করেও কোনো মাছের দেখা পাননি। তবে বিকেল চারটার দিকে তার বড়শিতে ধরা পড়ে ৬ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কাতলা। আর তাতেই বাজিমাত। একটি মাছ ধরেই জিতে নেন দুই লাখ টাকার প্রথম পুরস্কার।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বীরেশ দিঘিতে এ মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জনপ্রতি ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটে অংশ নেন ২৪ জন শৌখিন মাছশিকারি। প্রতিযোগিতা থেকে আয়োজকদের আয় হয় ৬ লাখ ২৪ হাজার টাকা। অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছিল মোট ৪ লাখ ৩৫ হাজার টাকার পাঁচটি পুরস্কার।

সকাল সোয়া ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে প্রতিযোগিতা। দিঘির চারপাশে তৈরি করা ২৪টি মাচায় বসেন প্রতিযোগীরা। লটারির মাধ্যমে তাদের আসন নির্ধারণ করা হয়। দিনভর মাছ ধরাকে কেন্দ্র করে দিঘির পাড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ মাছের খাবার তৈরি করছিলেন, কেউবা বড়শি ফেলে অপেক্ষায় ছিলেন। বড় মাছ বড়শিতে আটকালে শিকারি ও তাদের সহযোগীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠছিল চারপাশ।

প্রতিযোগিতায় অংশ নিতে টিকিটের ২৬ হাজার টাকা ছাড়াও আনুষঙ্গিক কাজে প্রত্যেকের আরও ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ থেকে এসেছিলেন মাছশিকারিরা। আয়োজকদের দাবি, দিঘিটিতে ৫ থেকে ১০ কেজি ওজনের কাতলা মাছ রয়েছে।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল দুই লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার এক লাখ, তৃতীয় পুরস্কার ৫০ হাজার, চতুর্থ পুরস্কার ৪৫ হাজার এবং পঞ্চম পুরস্কার ৪০ হাজার টাকা।

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার বাসিন্দা নাছির মিয়া দিনভর অপেক্ষার পর বিকেল চারটার দিকে ৬ কেজি ৮৮৫ গ্রাম ওজনের কাতলাটি শিকার করেন। এর আগে বা পরে আর কোনো মাছ ধরতে পারেননি তিনি। তবু এক মাছেই জিতে নেন সেরার পুরস্কার।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতালা গ্রামের মোফাজ্জল হোসেন সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত ৬ কেজি ৭৪০ গ্রাম ও ৬ কেজি ৪৮৫ গ্রাম ওজনের দুটি কাতলা শিকার করেন। এতে তিনি দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা পুরস্কার পান।

একই এলাকার কাউছার মিয়া ৫ কেজি ৫২০ গ্রাম ও ৫ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি কাতলা ধরে চতুর্থ ও পঞ্চম হন। পুরস্কার হিসেবে পান যথাক্রমে ৪৫ হাজার ও ৪০ হাজার টাকা।

প্রায় পৌনে তিন একর আয়তনের বীরেশ দিঘিতে ‘সরাইল মৎস্য চাষ প্রকল্প’ নামের একটি সমিতি প্রতিবছর কয়েক দফায় মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা দেখতে দিঘির চারপাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

সরাইল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি জানান, প্রতিবছরই এখানে এ ধরনের আয়োজন করা হয়। চলতি বছরের এটি সপ্তম প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন মাছশিকারিরা এতে অংশ নেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত