পাকিস্তানের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে খুন ও প্রতারণার অভিযোগ
দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে না বসতেই নতুন আইনি ও সামাজিক বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার প্রথম স্ত্রী সানিয়া আশফাক সামাজিক যোগাযোগমাধ্যমে ইমাদের বিরুদ্ধে প্রতারণা ও সন্তান হত্যার মতো গুরুতর অভিযোগ এনেছেন, যা পাকিস্তান ক্রিকেটাঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দীর্ঘ এক পোস্টে সানিয়া জানান, নীরবতা ভেঙে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। সানিয়ার দাবি, ইমাদ কেবল তার সঙ্গে বিশ্বাসঘতকতাই করেননি, বরং ২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে থাকাকালীন জোরপূর্বক তার গর্ভপাত করিয়েছেন। এই ঘটনাকে সরাসরি 'হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করে সানিয়া দাবি করেছেন, এর সপক্ষে তাঁর কাছে ভিডিও প্রমাণ রয়েছে।
সানিয়া ক্ষোভ প্রকাশ করে আরও লিখেছেন, ‘এই ঘরভাঙা মানুষটি একবারও নিজের সন্তানদের কথা ভাবেনি। প্রতারক অবশেষে সবার সামনে ধরা পড়েছে। আমি ও আমার সন্তানদের ওপর দিয়ে যা গেছে, তার জন্য আমি ন্যায়বিচার চাই।’
এমনকি ইমাদকে দলে সুযোগ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডকে বয়কট করারও আহ্বান জানান তিনি।
এর আগে, ইমাদ ওয়াসিম নাইলা রাজাকে বিয়ে করার খবর প্রকাশ করে জানান, তার জীবনের এক কঠিন অধ্যায় পার করে তিনি নতুন জীবন শুরু করছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, অতীতের ব্যক্তিগত জটিলতার কারণে তার বর্তমান স্ত্রীকে অকারণে সমালোচনার শিকার হতে হয়েছে। শান্তি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই তিনি এই নতুন পথচলা শুরু করেছেন বলে দাবি করেন।
উল্লেখ্য, ২০১৯ সালে সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইমাদ ওয়াসিম। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। গত বছরের ডিসেম্বরে তাঁদের বিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে সামনে আসে।
পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের ব্যক্তিগত জীবনের এমন অভিযোগ এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: