• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় অস্ট্রেলিয়া, সুপার এইট নিশ্চিত শ্রীলঙ্কার

প্রকাশিত: ০০:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় অস্ট্রেলিয়া, সুপার এইট নিশ্চিত শ্রীলঙ্কার

১৮০+ স্কোর গড়েও দুই ওভার আগেই হার! এমন উড়ন্ত ম্যাচ থেকে মাটিতে ধপাস করেই পড়লো অস্ট্রেলিয়া। আর তাতে করে বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার পথ তাদের আরও কঠিন হলো। অন্যদিকে বিশার রানের লক্ষ্য পেরিয়ে বড় জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

সোমবার রাতে পাল্লেকেলে স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান তুলেছিল। যদিও শুরুতে মনে হয়েছিল আড়াইশোর বেশি রান করবে অজিরা। কিন্তু মাঝপথে খেই হারিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। 

৮.২ বলে বিনা উইকেটে দলীয় শতক পেরিয়ে রীতিমতো উড়িছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে তারা ২৫০ রানের লক্ষ্য দিবে কি না, তখন সেই আলোচনা চলছিল। কিন্তু এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শেষ ৭০ বলে দলটি তুলতে পারল মাত্র ৭৭ রান, হয়ে গেল অলআউট। 

ইনিংসের দ্বিতীয় ভাগে অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতা তুলে ধরতে এই পরিসংখ্যান যথেষ্ট—ঘুরে দাঁড়ানো লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২১ রানের ব্যবধানে ৬ আর মাত্র ৭ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়েছে অজিরা। তবু টি-টোয়েন্টিতে ১৮১ রান বেশ চ্যালেঞ্জিং। কিন্তু ক্যান্ডির ব্যাটিং স্বর্গে বড় লক্ষ্যকেও মামুলি বানিয়ে ফেললেন পাথুম নিশাঙ্কা।

১০ চার ও ৫ ছক্কায় তার ৫২ বলের নয়নাভিরাম সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে উঠে গেল সহ-আয়োজক শ্রীলঙ্কা। এবারের আসরে এটিই কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮২ রানের লক্ষ্য ২ ওভার ও ৮ উইকেট হাতে রেখে টপকে গেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন এটিই লঙ্কানদের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
 
জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কার কাছেও হেরে বিদায়ের দ্বারপ্রান্তে চলে গেল অস্ট্রেলিয়া। আগামীকাল মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এই ম্যাচে জিম্বাবুয়ে জিতলেই ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার লজ্জায় পড়বে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া:
২০ ওভারে ১৮১ অলআউট (হেড ৫৬, মার্শ ৫৪, ইংলিস ২৭, ম্যাক্সওয়েল ২২; হেমন্ত ৩/৩৭, চামিরা ২/৩৬, কামিন্দু ১/১৯)।
শ্রীলঙ্কা: ১৮ ওভারে ১৮৪/২ (নিশাঙ্কা ১০০*, কুশল ৫১, রত্নায়েকে ২৮*; স্টয়নিস ২/৪৬, ম্যাক্সওয়েল ০/১৬)।

বিভি/এজেড

মন্তব্য করুন: