নাম্বার ওয়ান গোলরক্ষককে নিয়ে দুঃসংবাদ পেলো ব্রাজিল
বিশ্বকাপের দল গুছিয়ে নিতে শেষ পর্বের প্রস্তুতিতে নামার আগে বেশ বড় একটা ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে আসছে দুটি প্রীতি ম্যাচের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রাজিলের মূল গোলরক্ষক আলিসন বেকার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতি দিয়ে আলিসনের সরে যাওয়ার খবরটি নিশ্চিত করে। তবে ৩৩ বছরের এই অভিজ্ঞ গোলরক্ষকের চোট নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ‘সিবিএফ’।
সামনের দুই প্রীতি ম্যাচের জন্য আলিসনের জায়গায় করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সোসাকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বস্টনে আর ৩১ মার্চ অরল্যান্ডোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চলতি মৌসুমে বেশ কয়েকবার ফিটনেস সমস্যায় ভুগেছেন আলিসন। গত ১০ মার্চ পেশির সমস্যায় গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগ খেলতে পারেননি লিভারপুল গোলরক্ষক। তুর্কি ক্লাবটির মাঠে ১-০ গোলে হেরে যাওয়া ইংলিশ জায়ান্ট ক্লাবটি অবশ্য অ্যানফিল্ডে ফিরতি লেগ ৪-০'তে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায়। এর আগে গত অক্টোবর ও নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি আলিসন। একই সমস্যায় গত তিন মৌসুমে ৫০টি ম্যাচ মিস করেছেন ব্রাজিলের নাম্বার ওয়ান গোলরক্ষক।
বিভি/এসজি



মন্তব্য করুন: