এনপিএলে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় এক অধ্যায়ের অন্যতম নায়ক আকবর আলী এবার খেলতে যাচ্ছেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। সঙ্গে থাকছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে হারিয়ে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ঐতিহাসিক শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন উইকেটকিপার-ব্যাটার আকবর আলী। ফাইনালের মতো চাপের ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে ট্রফি এনে দেওয়ার পথে তার বড় অবদান ছিলো।
আকবর টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৮৬ ম্যাচ খেলেছেন। এই সংস্করণে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ১ হাজার ১৮০ রান। অন্যদিকে সাকিব খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে।
আট দল নিয়ে আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর শুরু হবে আগামী ১৭ নভেম্বর। টুর্নামেন্টটি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।
আকবর ও সাকিবের দল ছাড়াও এবারের প্রতিযোগিতায় অংশ নেবে বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কাঠমাণ্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স এবং সুদূর পশ্চিম রয়্যালস।
বিভি/এআই













মন্তব্য করুন: