ডি থ্রির নিলামে কোটি পয়েন্টের হিসেব থেকে কত টাকা পাবেন ক্রিকেটাররা?
বিপিএলের বিকল্প ডি থ্রির নিলামে কোটি কোটি পয়েন্টের হাঁকডাক শুনে চোখ কপালে উঠেছে? বিসিবির নতুন এই নিলামে শরিফুল ইসলাম দুই কোটি ৩০ লাখ বা তাসকিন-তানজিদরা ২ কোটির বেশি পয়েন্টে বিক্রি হওয়ার পর অনেকেই ধরে নিয়েছেন তারা বুঝি রাতারাতি কোটিপতি বনে গেছেন। কিন্তু বাস্তবে টাকার এই ঝনঝনানির পিছে আসল চিত্রটা কেমন?
বলা চলে নিয়মটা একটু অদ্ভুত। ফ্র্যাঞ্চাইজিগুলোর পকেটে ছিল না কোনো কোটি কোটি নগদ টাকা, বরং দল গোছাতে সবাইকে দেওয়া হয়েছিল ১০ কোটি করে কিছু কাল্পনিক পয়েন্ট। আর এই পয়েন্ট দিয়েই ২২ জন করে খেলোয়াড় বেছে নিতে হয়েছে দলগুলোকে। অর্থাৎ, নিলামে কোটি কোটি পয়েন্টের যে মহোৎসব দেখা গেছে, তার সাথে বাস্তব টাকার সরাসরি কোনো লেনদেনই নেই।
তাহলে শরিফুল-তাসকিনরা পকেটে ঠিক কত টাকা ভরছেন? হিসাবটা বড়ই সরল-আলাদা করে কোনো মোটা অঙ্কের টাকা তারা পাচ্ছেন না, কেবল ম্যাচ ফি-ই তাদের সম্বল। যদি কোনো দল ফাইনালে ওঠে, তবে সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলার সুযোগ মিলবে।
সেক্ষেত্রে টি-টোয়েন্টি ম্যাচ ফি ধার্য করা হয়েছে ৮০ হাজার টাকা। গুণ করলে দাঁড়ায় ছয় লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ শরিফুলের দল যদি ফাইনালে যেতে পারে, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ ছয় লাখ ৪০ হাজার টাকা উপার্জন করতে পারবেন। এর বাইরে আর কিছুই নেই। কোটি টাকার মেগা নিলামের পেছনে লুকিয়ে থাকা এমন সত্যিটা জেনেই কি তবে আপনি অবাক হলেন?
বিভি/এসজি













মন্তব্য করুন: