ভর্তি পরীক্ষায় যশোরের ঐশীর চমক, গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম
ফারহানা সুলতানা ঐশী
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চমক দেখিয়েছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী। গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর প্রথম হয়েছেন তিনি।
সোমবার (৩০ মার্চ) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘সি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ২৫ হাজার ২১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৯ হাজার ৬০৬ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৭৭ দশমিক ৫০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬১০ জন (২২.৫০%)।
এবারের পরীক্ষায় পাসের হার ৬৬ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাস নম্বর (৩০-এর বেশি) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ১২ হাজার ৯৭৮ জন। অন্যদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৬২২ জন (৩৩.৫০%)। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী ফারহানা সুলতানা ঐশী ৮৫ নম্বর পেয়েছেন। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: