• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

১০ ধরনের কেরাতে সনদ পেলেন বাংলাদেশি হাফেজ রায়হান

প্রকাশিত: ১৭:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১০ ধরনের কেরাতে সনদ পেলেন বাংলাদেশি হাফেজ রায়হান

পবিত্র কুরআনের ১০ ধরনের কেরাতে সনদ অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মাওলানা মুফতি কারী রায়হান মাহমুদ আজহারী। সম্প্রতি মিসরে তিনি এ সনদ অর্জন করেন। আন্তর্জাতিক বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও রয়েছে তার সাফল্য।

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট গ্রামে জন্ম রায়হান মাহমুদের। শৈশবে সাভারের বড় মাদ্রাসায় পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন তিনি। এরপর মাদরাসাতুল মাদীনা ও মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস এবং কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রাবিউল উলুম থেকে মুফতি কোর্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই ‘মুমতাজ’ ফল অর্জন করেন তিনি।

পরবর্তী সময়ে লালবাগের মা’হাদুল কেরাত থেকে উচ্চতর তাজবিদ ও কেরাত শিক্ষা নেন রায়হান মাহমুদ। উচ্চশিক্ষার জন্য এরপর পাড়ি জমান মিসরে। কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও ভাষাবিজ্ঞানে ডিপ্লোমা সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তানতা শাখায় ‘উলুমুল কোরআন ও কেরাত’ বিভাগে পড়াশোনা করছেন।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাতেও রয়েছে রায়হান মাহমুদের উল্লেখযোগ্য অর্জন। মিসরের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫৫টি দেশের প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেন তিনি। এছাড়া ‘ওফাউল আজয়াল’ ও ‘সুফারাউল হিদায়া’ আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি।

২০২৬ সালে তারাবির নামাজ পড়াতে জাপান সফর করেন রায়হান মাহমুদ। একই বছর লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: