বেগম খালেদা জিয়াকে ‘অদম্য নারী’ মরণোত্তর পুরস্কারে ভূষিত করায় আনন্দ প্রকাশ
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ মরণোত্তর পুরস্কারে ভূষিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের পক্ষ থেকে আনন্দ প্রকাশ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে ৮ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক চিরদীপ্তিমান নক্ষত্র। আপোষহীন এই দেশনেত্রীকে সম্মানসূচক এই উপাধিতে ভূষিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল গভীর আনন্দ প্রকাশ করেছে।
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সমতার জন্য শিল্প’ শীর্ষক একটি শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর কিউরেটর ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সভাপতি অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং কো-কিউরেটর ছিলেন দলের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে।
উক্ত প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় ১৪ ও ১৫ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত “আর্ট ফর ইক্যুয়ালিটি” শীর্ষক শিল্পকলা কর্মশালায় অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শিত হয়। এসব শিল্পকর্মে সমাজের পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠী, নারীর প্রতি বৈষম্য এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়। রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ এবং ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানকে প্রদর্শনী ঘুরিয়ে দেখান অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে।
এ সময় বাংলাদেশের উন্নয়নে চারু ও কারুশিল্পীদের শিল্পদর্শন ও নান্দনিক বোধের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি তাদের জীবনবাস্তবতা ও সামাজিক অবস্থার কথাও তুলে ধরা হয়। বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের সৃজনশীল পেশাজীবীদের একটি বড় অংশই নারী। দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে এই শিল্পী জনগোষ্ঠী ও সৃজনশীল পেশাজীবীদের অপরিসীম গুরুত্ব রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: