কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত
কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২ এপ্রিল ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শহীদদের স্মরণে জিনজিরার মনু বেপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি ও সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিনের নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি, গণসংহতি আন্দোলন, কেরানীগঞ্জ গণফোরাম, কেরানীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদ এবং জিনজিরা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, কালিন্দী ও শুভাঢ্যা ইউনিয়নে অতর্কিত হামলা চালিয়ে প্রায় পাঁচ সহস্রাধিক নিরীহ ও নিরস্ত্র মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করে। প্রতিবছর কেরানীগঞ্জবাসী দিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: