১০ দিনে ১০ মিলিয়ন ভিউ
নামাজ নিয়ে ভাইরাল সেই কালজয়ী গানের নেপথ্যে গীতিকার জহির বিন বাশার
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নাশিদ- ‘কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা’। মৃত্যুর অবধারিত সত্য ও বেনামাজির পরকালীন পরিণতি নিয়ে তৈরি এই হৃদয়ছোঁয়া নাশিদটি গীতিকার জহির বিন বাশারের নিজস্ব আইডি থেকে শিল্পী রাজু মণ্ডলের কণ্ঠে প্রকাশের মাত্র ১০ দিনের মাথায় ১০ মিলিয়নের বেশি ভিউয়ের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছে।
অসাধারণ এই অর্জনের পাশাপাশি নাশিদটি ১ লাখ ১ হাজার ঘণ্টা ওয়াচ টাইম, ৬ লক্ষাধিক রিঅ্যাক্ট, প্রায় ৬০ হাজার শেয়ার এবং সাড়ে ৫ হাজারের বেশি মন্তব্য পেয়েছে। প্রখ্যাত কণ্ঠশিল্পী রোকনুজ্জামানের সুরে সাজানো এই নাশিদটি আজ শহর থেকে গ্রাম- ছড়িয়ে পড়েছে বাংলা ভাষাভাষী মানুষের মুখে মুখে।
এই অসামান্য সাফল্যের কারিগর হলেন দ্বীপ জেলা ভোলার সদর উপজেলায় জন্মগ্রহণ করা প্রখ্যাত গীতিকার জহির বিন বাশার। লেখালেখির পাশাপাশি তিনি দীর্ঘ প্রায় এক দশক ধরে রাজধানী ঢাকার ডেমরার একটি স্বনামধন্য মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তার বহুমুখী প্রতিভার ছোঁয়া রয়েছে সাহিত্যের বিভিন্ন শাখায়- হামদ, নাত, ইসলামি সংগীত, বিষয়ভিত্তিক পুঁথি থেকে শুরু করে দেশাত্মবোধক ও মরমি গানে। হাফেজদের মর্যাদা নিয়ে তার লেখা এবং শিল্পী আব্দুল্লাহ বিন ফয়েজের সুর ও কণ্ঠে গাওয়া- ‘আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন’ গানটি আজ ঘরে ঘরে প্রশংসিত।
শুধু ধর্মীয় গানই নয়, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনেও তার কলম ছিল সমান সোচ্চার। তার লেখা এবং শিল্পী আব্দুল্লাহ বিন ফয়েজের সুর-কণ্ঠে- ‘এই আন্দোলন সফল হবে, সাহস রাখি বুকে/আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে’ গানটি রাজপথের লড়াকু তরুণদের মনে জুগিয়েছিল প্রবল সাহস।
এ ছাড়া পটপরিবর্তনের পর তার লেখা- ‘দেশে আগুন লাগাইয়া, জনতাকে জ্বালাইয়া, পালাইয়া ছাইড়া গেলা ঢাকা/গণভবনটা এখন ফাঁকা’ গানটি শিল্পী রোকনুজ্জামানসহ বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।
জনপ্রিয়তার কোনো অহংকার যাকে স্পর্শ করেনি, সেই বরেণ্য এই গীতিকার মানুষের সুপ্ত বিবেক জাগ্রত করতে ও রবের পথে আহ্বান জানাতেই নিরলসভাবে লেখালেখি চালিয়ে যাচ্ছেন। বেনামাজির গাফিলতি ও পরকালের ভয় জাগানো আলোচিত এই নাশিদটি যারা এখনো শোনেননি, তারা নিচের লিংক থেকে শুনে নিতে পারেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: