জুনে তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত
সদ্য সমাপ্ত মে মাসের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভুগিয়েছে মানুষকে। তীব্র গরমে হয়েছিল নাকাল অবস্থা। এবার জুনে তাপমাত্র উঠতে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুধু তাই নয়, মাসজুড়ে দেশের উপর দিয়ে ২-৩টি তাপপ্রবাহ বয়ে যাওয়ারও পূর্বাভাস রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তৈরি করা জুন মাসের মাসিক পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে। সোমবার (১ জুন) দুপুরে আবহাওয়া অধিফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত বিভিন্ন মডেল পূর্বাভাস, আবহাওয়ার উপাত্ত, উপগ্রহচিত্র, আবহাওয়া বিজ্ঞান, সমুদ্রের বিভিন্ন স্তরের তাপমাত্রা, জলীয় বাষ্প, SOI (এল-নিনো/লা-নিনা সূচক) ইত্যাদির ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস প্রস্তুত করেছে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদী এই পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। ২-৩ টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.১°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ সে.) ধরণের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। এ মাসে দেশে ৫-৭ দিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপেও পরিণত হতে পারে। এ সময় দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞ কমিটির এ সভায় বিগত মাসের আবহাওয়াচিত্র পর্যালোচনা করে বিশেষজ্ঞরা জানান, মে মাসে সারাদেশে স্বাভাবিকের (+৭.৪%) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত এবং বাকি বিভাগসমূহে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ১১ মে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয় ও ১৩ মে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পরবর্তীতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যায়।
এই মাসে ১৬-২৬ ও ২৯-৩১ মে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পুরো মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত দিনাজপুরে ১৪৪ মিলিমিটার রেকর্ড হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: