গভীর সমুদ্র থেকে সরাসরি পতেঙ্গায় তেল, বছরে সাশ্রয় ৮০০ কোটি টাকা
ছবি: সংগৃহীত
সমুদ্রের গভীরে অবস্থানরত বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল খালাস ও পরিবহনের অপেক্ষায় থাকা মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে। ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকল্পটি চালুর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এটি চালু হলে বঙ্গোপসাগরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পাইপলাইনে সরাসরি তেল পৌঁছাবে মহেশখালীর সংরক্ষণাগারে। পরে সেখান থেকে অপরিশোধিত তেল যাবে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে।
বিপিসির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে প্রকল্প পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি মোতায়েনের কাজ শেষ হবে। এরপর আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।
এসপিএম চালু হলে আমদানি করা জ্বালানি তেল খালাস ও পরিবহনে সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি লাইটার জাহাজের ব্যবহার, পরিবহন ব্যয় এবং তেল স্থানান্তরের সময় অপচয়ও কমবে। এতে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে বলে জানিয়েছে বিপিসি।
বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে এসপিএম চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট লাইটার জাহাজে তেল স্থানান্তর করে তা বন্দরের জেটি বা সংরক্ষণাগারে নিতে হয়। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হয়। এসপিএম পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা গেলে এই নির্ভরতা কমবে। একই সঙ্গে তেল পরিবহনে সময়, ব্যয় ও সিস্টেম লস কমিয়ে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে।
এর আগে গত ৫ নভেম্বর এসপিএমের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিটি পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তি করে বিপিসি। ঢাকায় বিপিসির লিয়াজোঁ কার্যালয়ে স্বাক্ষরিত পাঁচ বছর মেয়াদি এ চুক্তির আর্থিক মূল্য ১২৮ মিলিয়ন মার্কিন ডলার।
বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল
বর্তমানে আমদানি করা অপরিশোধিত তেলবাহী বড় জাহাজ সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পিএলসির জেটিতে ভিড়তে পারে না। চট্টগ্রাম বন্দরের চ্যানেলের গভীরতা ও নাব্যতাসংক্রান্ত সীমাবদ্ধতার কারণে এসব জাহাজকে বঙ্গোপসাগরে বন্দরের বহির্নোঙর অথবা কুতুবদিয়া দ্বীপের কাছাকাছি গভীর সমুদ্রে অবস্থান করতে হয়।
সেখান থেকে ছোট আকারের লাইটার ট্যাংকারে তেল স্থানান্তর করা হয়। পরে এসব ট্যাংকারের মাধ্যমে তেল নেওয়া হয় ইস্টার্ন রিফাইনারির জেটি কিংবা সংরক্ষণাগারে। পুরো প্রক্রিয়া শেষ করতে সাধারণত ১১ থেকে ১২ দিন সময় লাগে।
এসপিএম চালু হলে প্রচলিত এই পদ্ধতির পরিবর্তে বড় জাহাজ থেকে ভাসমান মুরিং স্থাপনার মাধ্যমে সমুদ্রের তলদেশে বসানো পাইপলাইনে সরাসরি তেল পাঠানো যাবে মহেশখালীর সংরক্ষণাগারে। সেখান থেকে অপরিশোধিত তেল আরেকটি পাইপলাইনের মাধ্যমে পৌঁছাবে পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে। অন্যদিকে, পরিশোধিত ডিজেল সরবরাহ করা হবে যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ নির্ধারিত স্থাপনাগুলোতে।
বিপিসির কর্মকর্তাদের হিসাবে, বর্তমান পদ্ধতিতে তেল খালাস ও পরিবহনে ১১ থেকে ১২ দিন লাগলেও এসপিএমের মাধ্যমে তা ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। এতে বড় জাহাজের অপেক্ষার সময় কমবে। পাশাপাশি লাইটার ট্যাংকারের প্রয়োজনীয়তা কমে যাওয়ায় পরিবহন ব্যয় ও তেল স্থানান্তরের সময় অপচয়ও হ্রাস পাবে।
১১০ কিলোমিটার পথে দুটি পাইপলাইন, সক্ষমতা ৪৫ লাখ টন
দেশের জ্বালানি তেল আমদানি, খালাস ও পরিবহনব্যবস্থাকে আধুনিক করতে ৮ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে বাস্তবায়ন করা হয়েছে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্প। বাংলাদেশ ও চীনের মধ্যে সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় ২০১৮ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। বিপিসির পক্ষে এটি বাস্তবায়ন করে ইস্টার্ন রিফাইনারি পিএলসি। ২০২৪ সালের মার্চে নির্মাণ ও কমিশনিংয়ের কাজ শেষ হয়।
প্রকল্পের আওতায় মহেশখালীর পশ্চিমে বঙ্গোপসাগরের গভীর অংশে একটি ভাসমান মুরিং স্থাপনা বা বয়া নির্মাণ করা হয়েছে। সমুদ্রে অবস্থানরত বড় জাহাজ থেকে এই স্থাপনার মাধ্যমে সরাসরি জ্বালানি তেল খালাস করা হবে।
মহেশখালী থেকে চট্টগ্রামের পতেঙ্গা পর্যন্ত সমুদ্রের তলদেশ ও স্থলভাগ মিলিয়ে প্রায় ১১০ কিলোমিটার পথে দুটি সমান্তরাল পাইপলাইন বসানো হয়েছে। পাইপলাইন দুটির সম্মিলিত দৈর্ঘ্য ২২০ কিলোমিটার। এর একটি দিয়ে অপরিশোধিত তেল এবং অন্যটি দিয়ে পরিশোধিত ডিজেল পরিবহন করা হবে।
প্রতিটি পাইপলাইনে প্রতি ঘণ্টায় ৯০০ ঘনমিটার তেল পাম্প করার সক্ষমতা রয়েছে। অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনটির বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন। অন্য পাইপলাইনটি ব্যবহার করে মহেশখালীর সংরক্ষণাগার থেকে ডিজেল নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে।
প্রকল্পের অংশ হিসেবে মহেশখালীতে পাম্পিং স্টেশন ও ট্যাংক ফার্ম (পিএসটিএফ) নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে ছয়টি বড় সংরক্ষণ ট্যাংকসহ তেল খালাস, মজুত ও সরবরাহের জন্য প্রয়োজনীয় অবকাঠামো।
মহেশখালীতে মজুত করা যাবে দুই লাখ টন তেল
এসপিএম প্রকল্পের আওতায় মহেশখালীতে একসঙ্গে দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেলের ধারণক্ষমতা ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন এবং ডিজেলের জন্য রাখা হয়েছে ৭৫ হাজার মেট্রিক টন।
সমুদ্রের বড় জাহাজ থেকে পাইপলাইনে আসা অপরিশোধিত তেল প্রথমে মহেশখালীর ট্যাংকে জমা হবে। পরে সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে পাঠানো হবে। অন্যদিকে, মজুত করা ডিজেল সরবরাহ করা হবে যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে।
এ ব্যবস্থায় আমদানি করা জ্বালানি দ্রুত খালাস করে সংরক্ষণ করা যাবে। একই সঙ্গে চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে তেল সরবরাহের কাজও সহজ হবে। ভবিষ্যতে পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ পর্যন্ত জ্বালানি সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে বিশেষ ব্যবস্থা
এসপিএম প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিপিসি। প্রকল্পের বাহ্যিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি পাইপলাইন, ভাসমান বয়া এবং সংশ্লিষ্ট অবকাঠামোর নিয়মিত পরিচালনাগত কার্যক্রম দেখভাল করবে। কার্যক্রম চলাকালে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে চুক্তির শর্ত অনুসারে মেরামতের দায়িত্বও পালন করবে প্রতিষ্ঠানটি।
বিপিসি জানিয়েছে, সামুদ্রিক পরিবেশ, জোয়ার-ভাটা ও প্রাকৃতিক দুর্যোগের বিষয়গুলো বিবেচনায় রেখেই প্রকল্পটির নকশা করা হয়েছে। স্থাপনাটি দীর্ঘমেয়াদে সচল রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাঁচ বছরের চুক্তির মেয়াদে ইন্দোনেশিয়ার পিটি পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টাল এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। এ সময় প্রতিষ্ঠানটি বিপিসির কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে, যাতে চুক্তির মেয়াদ শেষে বিপিসি নিজস্ব জনবল দিয়ে স্থাপনাটি পরিচালনা করতে পারে।
পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে প্রয়োজন ইআরএল-২
এসপিএম প্রকল্পের মাধ্যমে বছরে ৪৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিবহনের নকশাগত সক্ষমতা রয়েছে। তবে বর্তমানে ইস্টার্ন রিফাইনারির চালু একটি ইউনিটে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন করা সম্ভব। ফলে শুরুতেই এসপিএমের পুরো সক্ষমতা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বা ইআরএল-২ প্রকল্প বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইউনিট চালু হলে অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা বাড়বে। তখন এসপিএমের মাধ্যমে আরও বেশি পরিমাণ তেল পরিবহন ও পরিশোধন করা সম্ভব হবে।
বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, এসপিএম থেকে পূর্ণ সুবিধা পেতে ইআরএল-২ চালু করা জরুরি। দ্বিতীয় ইউনিটটি ২০৩০ সালের মধ্যে চালুর লক্ষ্য রয়েছে। তবে এর আগ পর্যন্ত এসপিএম যাতে প্রয়োজনের তুলনায় কম ব্যবহৃত না হয়, সে জন্য বিকল্প ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, এসপিএমের বিকল্প ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে। কীভাবে স্থাপনাটির সক্ষমতা আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে কাজ করছে বিপিসি।
সংস্থাটির প্রত্যাশা, এসপিএম চালু হলে আমদানি করা জ্বালানি তেল খালাস ও পরিবহনে সময় কমার পাশাপাশি লাইটার জাহাজের ওপর নির্ভরতা হ্রাস পাবে। এতে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় সম্ভব হবে। তবে প্রকল্পটির পূর্ণ সুফল পেতে ইআরএল-২ চালু করা এবং এসপিএমের সক্ষমতার কার্যকর ব্যবহার নিশ্চিত করাও জরুরি।
বিভি/এজেড













মন্তব্য করুন: