• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

৪৪০ কেজি ইউরেনিয়াম উধাও! পরমাণু বোমা বানাচ্ছে ইরান?

প্রকাশিত: ১৫:৩০, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৪৪০ কেজি ইউরেনিয়াম উধাও! পরমাণু বোমা বানাচ্ছে ইরান?

ইরানের উচ্চমাত্রায় পরিশোধিত ইউরেনিয়াম শান্তিপূর্ণ কর্মকাণ্ডের বাইরে সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা- আইএইএ। দেশটির কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান ও ব্যবহার যাচাই করতে না পারায় এই উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরানের মজুতে থাকা ৪৪০ কেজির বেশি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায়, তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

আইএইএ’র গোপন এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সহযোগিতার অভাবে তাদের পরমাণু উপাদানের হিসাব ও অবস্থান যাচাই করা যাচ্ছে না। ফলে ওই ইউরেনিয়াম অন্য কাজে ব্যবহৃত হচ্ছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দিতে পারছে না তারা।

১৩ নভেম্বর প্রকাশ্যে আসা প্রতিবেদনে আইএইএ গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, এই তথ্যঘাটতি গুরুতর পারমাণবিক বিস্তারের ঝুঁকি তৈরি করছে, যার দ্রুত সমাধান প্রয়োজন। তবে প্রতিবেদনে ইউরেনিয়াম নিশ্চিতভাবে সরিয়ে নেওয়া হয়েছে, এমন কোনো প্রমাণও হাজির করা হয়নি। 

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসফাহানের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ জানিয়েছে আইএইএ। ইরান ২০২৫ সালের জুনে আইএইএ-কে এই স্থাপনার কথা জানিয়েছিল। কিন্তু এখনো সেখানে পরিদর্শনের অনুমতি দেয়নি। সংস্থাটি বলছে, স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান, নিরাপত্তা তদারকির আওতায় এর বর্তমান অবস্থা, এমনকি সেখানে পরমাণু উপাদান আছে কি না, কোনোটিই তারা জানে না। স্থাপনাটির নকশাও তাদের দেখানো হয়নি। ২০২৫ সালের ১৩ জুন ওই স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা ছিল আইএইএর, কিন্তু ওই দিনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে পরমাণু স্থাপনায় হামলা শুরু করায় তা আর সম্ভব হয়নি।
 
আইএইএর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনের হামলার আগে ইরানের কাছে ৪৪০.৯ কেজি ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। পরমাণু অস্ত্র তৈরির উপযোগী মাত্রা প্রায় ৯০ শতাংশ, ৬০ শতাংশ থেকে সেখানে পৌঁছাতে খুব বেহসি সময় লাগবে না। মার্কিন-ইসরাইলি হামলার পর ইরানের ইউরেনিয়াম মজুতের কতটা অক্ষত আছে, সেগুলো কোথায় রাখা হয়েছে, কিংবা এর কোনো অংশ গোপনে অন্যত্র সরানো হয়েছে কি না, তা যাচাই করতে পারেনি আইএই । 

২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের হামলায় নাতাঞ্জ ও ফোরদোসহ আরো কিছু গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া নতুন যুদ্ধেও ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। আইএইএ জানিয়েছে, সেপ্টেম্বরে পরিদর্শকেরা বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে যেতে পারলেও অন্য গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশাধিকার পাননি।

গোপন ওই প্রতিবেদনে গ্রোসি ইরানকে দ্রুত পরিদর্শন শুরুর পরিবেশ তৈরিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জবাবে তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলার হুমকির মধ্যে পরিদর্শন পুনরায় শুরু করা সম্ভব নয়। তবে পরিস্থিতি অনুকূলে এলে এটি ভাবা হবে। 

এদিকে এরই মাঝে কেউ ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক তথ্য দিলে ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কারের মার্কিন ঘোষণায় ক্ষোভ জানিয়েছে তেহরান। আইএইএকে দেওয়া চিঠিতে তারা সংস্থাটির কাছে গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা চেয়েছে। কিন্তু মূল প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ৪৪০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম আসলে এখন কোথায়, এবং সেগুলো দিয়ে কী করা হচ্ছে? ইরানে পরমাণু অস্ত্র বানানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এ বাস্তবতায় ওই নিখোঁজ ইউরেনিয়াম নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত