শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই বাংলাদেশে: চিফ প্রসিকিউটর
ফাইল ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় বিচার শুরুর বিষয়ে প্রস্তাবিত ‘ডি নোভো ট্রায়াল’ (De Novo Trial) বা নতুন করে বিচারের কোনো সুযোগ বাংলাদেশে নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ভারত নিজেরাই এ ধরনের আইনি বিধান বাতিল করেছে। ফলে দেশটির পক্ষ থেকে শেখ হাসিনার পুনর্বিচারের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
শেখ হাসিনার দেশে ফেরা ও তার পুনরায় বিচার নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নানা আলোচনা ও প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত পুনর্বিচারের প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
রবিবার (১৫ নভেম্বর) শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে প্রকাশিত বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ভারতে ডি নোভো ট্রায়াল বা নতুন করে বিচার শুরুর বিধান না থাকলেও কীভাবে দেশটি শেখ হাসিনার ক্ষেত্রে এমন প্রস্তাব দিচ্ছে, তা প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের আইনেও এ ধরনের পুনর্বিচারের সুযোগ নেই।
এদিকে, জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম বুধবার যশোর থেকে শুরু হবে। এর মাধ্যমে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডে সারাদেশে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা সহজ হবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর।
অন্যদিকে, চট্টগ্রামে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম হত্যা মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। রবিবার আসামিপক্ষের সব আবেদন খারিজের পর ট্রাইব্যুনাল সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু করেন।
বিভি/এমআর/পিএইচ













মন্তব্য করুন: