• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কেমন আছে ২০০৭-এ সিডরের রাতে জন্ম নেওয়া সেই ‘সিডর’?

জসিম উদ্দিন, মোংলা

প্রকাশিত: ২১:৪১, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কেমন আছে ২০০৭-এ সিডরের রাতে জন্ম নেওয়া সেই ‘সিডর’?

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের মধ্যে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা গ্রামের সেন্ট মেরিস গির্জাসংলগ্ন আশ্রয়কেন্দ্রে জন্ম নেয় এক শিশু। ঝড়ের নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয় ‘সিডর সরকার’। আজ ২০২৬ সালের ১৫ নভেম্বর তার ১৯তম জন্মদিন। কিন্তু অভাব-অনটনে থমকে গেছে তার জীবন ও ভবিষ্যতের স্বপ্ন।

সিডর বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামে বাবা ও সৎমায়ের সঙ্গে বসবাস করেন। মাত্র তিন বছর বয়সে জন্মদাত্রী মা তাকে ছেড়ে চলে যান। এরপর সৎমা অনিতা সরকার নিজের সন্তানের মতোই তাকে লালন-পালন করেন।

দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও অর্থাভাবে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি সিডর। পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার ফি ও অন্যান্য খরচ জোগাড় করতে না পারায় বন্ধ হয়ে যায় তার শিক্ষাজীবন। পরে মোংলা ইপিজেডে সাত মাস কাজ করেন। এরপর ঢাকায় গিয়ে কার্পেন্টার ও মেকানিক্যালের কাজ শেখার চেষ্টা করলেও আর্থিক সংকটে সেখানেও টিকে থাকতে পারেননি। বর্তমানে বেকার সময় কাটছে তার।

সিডরের বাবা জর্জি সরকারের একটি হাত ভাঙা ও অচল। তারপরও সংসারের প্রয়োজনে নদীতে মাছ ধরতে যান। সৎমা অনিতা সরকার মোংলা ইপিজেডের একটি কারখানায় চাকরি করেন। তার সামান্য আয়েই কোনো রকমে চলে সংসার।

সিডর বলেন, এলাকার অধিকাংশ মানুষ জেলে। ভালো কাজের সুযোগ কম। তিনি বিদেশে গিয়ে কাজ করে বাবা-মাকে ভালো রাখতে চান। কিন্তু আর্থিক সংকটের কারণে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে পারছেন না।

সৎমা অনিতা সরকার বলেন, ছেলেটিকে এসএসসি পর্যন্ত পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু পরীক্ষার ফরম পূরণের টাকাও জোগাড় করতে পারেননি। বিভিন্নজন সহযোগিতার আশ্বাস দিলেও তেমন সহায়তা মেলেনি। কেউ সহযোগিতা করলে সিডরের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবেন তিনি।

সিডরের দাদি রেবেকা সরকার জানান, বিভিন্ন ব্যক্তি ও এনজিও সহযোগিতার আশ্বাস দিলেও দীর্ঘমেয়াদি সহায়তা মেলেনি। একসময় দোকান ও পড়াশোনার জন্য সহযোগিতা পাওয়া গেলেও অভাবের কারণে সেগুলো ধরে রাখা সম্ভব হয়নি। প্রতিবেশীরাও জানান, আর্থিক সংকটে সিডরের পড়াশোনা ও কাজের সুযোগ বন্ধ হয়ে গেছে। ছোটবেলায় ফুটবল খেলায়ও দক্ষ ছিল সে।

ঘূর্ণিঝড় সিডরের পর ২০০৮ সালে পরিবারের বিধ্বস্ত ঘর পুনর্নির্মাণ, আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার পাশাপাশি সংসার চালাতে একটি মুদিদোকান করে দেওয়া হয়েছিল। দোকানের আয় দিয়ে সংসারের দেনা শোধ করে ভালোই চলছিল তাদের দিন। কিন্তু ঘূর্ণিঝড় আইলায় ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘর পুনর্নির্মাণ করা হলেও দাদা রণজিত সরকারের মৃত্যুর পর পুঁজির অভাবে দোকানটি আর চালু করা সম্ভব হয়নি।

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের রাতে জন্ম নেওয়া সিডর আজ নিজের ভাগ্য বদলাতে চান। ১৯তম জন্মদিনেও পরিবারের সামর্থ্য নেই তার জন্য সামান্য আয়োজন করার। তার চাওয়া, একটি ভালো কাজের সুযোগ ও প্রয়োজনীয় সহযোগিতা। সহায়তা পেলে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ গড়তে চান তিনি। অভাবের অন্ধকার পেরিয়ে সিডরের জীবনে কবে স্বস্তির সকাল আসবে, সেই অপেক্ষায় তার পরিবার।

বিভি/মোংলা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত