• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ আসামির ডিসচার্জ চেয়ে শুনানি আজ

প্রকাশিত: ০৯:১৯, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ আসামির ডিসচার্জ চেয়ে শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আজ শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওই দিন তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক অভিযোগ পড়ে শোনানোর পাশাপাশি মামলার পটভূমি ও আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় তুলে ধরেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে অভিযোগ গঠনের আবেদন জানান তিনি। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, ওমর ফারুক চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জেনারেল (অব.) আজিজ আহমেদ, বেনজীর আহমেদ, ড. জাবেদ পাটোয়ারীসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। পরে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ৩০ আসামিকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

মামলায় প্রসিকিউশনের আনা দুটি অভিযোগের প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন: