সাবেক সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললো যুক্তরাজ্য
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্য ও স্ট্র্যাটেজিক রিজার্ভের সদস্যদের কাছে চিঠি পাঠিয়ে প্রয়োজনে সম্ভাব্য তলবের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছে। তবে ব্রিটিশ সরকার স্পষ্ট করেছে যে, এটি তাৎক্ষণিকভাবে যুদ্ধের প্রস্তুতি বা কাউকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নয়; বরং সম্ভাব্য সংকট মোকাবিলায় তথ্য ও যোগাযোগব্যবস্থা হালনাগাদ এবং প্রস্তুত রাখার অংশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বিবিসি ও স্কাই নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের ভেতরে কোনো বড় দুর্যোগ কিংবা বাইরে আরও গুরুতর কোনো নিরাপত্তা হুমকি বা সংঘাত দেখা দিলে কাদের কোথায় পাওয়া যাবে এবং কার কী ধরনের দক্ষতা রয়েছে, তা নিশ্চিত করা জরুরি। মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে বরং সতর্কতা তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, তথ্য হালনাগাদ রাখা একটি বিচক্ষণ ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল নেভি, ব্রিটিশ আর্মি ও রয়্যাল এয়ার ফোর্সের প্রধানদের স্বাক্ষরিত এসব চিঠিতে সাবেক সামরিক সদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা, পেশা এবং চাকরি ছাড়ার পর অর্জিত নতুন দক্ষতা সম্পর্কে তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছায় সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার আমন্ত্রণও জানানো হয়েছে।
ভেটেরান্স বা সাবেক সেনা বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলিও জানিয়েছেন, এসব চিঠির মানে এই নয় যে এখনই রিজার্ভ বাহিনীকে সক্রিয় করা হচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক চাকরিতে নেওয়ার কোনো পরিকল্পনা নেই এবং মহড়ায় অংশগ্রহণের বিষয়টিও আপাতত স্বেচ্ছাধীন। আগামী ২০২৭ সালের বসন্তে ন্যাটোর স্টিডফাস্ট ডিফেন্ডার মহড়ায় এক হাজার পর্যন্ত স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে স্বেচ্ছায় ও স্বল্প সময়ের জন্য যুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এল, যখন ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে এবং ব্রিটিশ নিয়মিত বাহিনীর আকার কমে প্রায় ৭৩ হাজারে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সাম্প্রতিক সময়ে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন এবং পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র প্রবেশ, ইউরোপে রাশিয়া সংশ্লিষ্ট নাশকতার অভিযোগ এবং যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটির আশপাশে ইরান সংশ্লিষ্ট ঘটনার মতো উদাহরণ তুলে ধরেছেন।
সূত্র: বিবিসি
বিভি/এমএফআর













মন্তব্য করুন: