• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শূন্য খরচে মালয়েশিয়ায় ১০৫ বাংলাদেশি, যে কারণে যেতে পারেননি ৭ জন!

মো. আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে 

প্রকাশিত: ১২:৫৪, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৪, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শূন্য খরচে মালয়েশিয়ায় ১০৫ বাংলাদেশি, যে কারণে যেতে পারেননি ৭ জন!

অবশেষে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শূন্য অভিবাসন ব্যয়ের মধ্যদিয়ে শুরু হলো মালয়েশিয়ায় কর্মী প্রেরণ। সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই উদ্যোগের প্রথম দফায় ১১২ জন বাংলাদেশি কর্মীর মধ্যে ১০৫ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে মালয়েশিয়ায় এসে পৌঁছান।

বিদেশগামী এই কর্মীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত, ডেপুটি হাইকমিশনার, শ্রম কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তা।

সরকারের ঘোষণা অনুযায়ী, গত ৬ থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় লটারি পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিত কয়েকজন প্রার্থী অনুপস্থিত থাকায় পরবর্তী সময়ে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। সবশেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয় ডিএইচএল কর্তৃপক্ষ। কিন্তু ভিসা সমস্যার কারণে বাকি ৭ জন এই বহরে আসতে পারেননি বলে জানিয়েছেন বাংলাদেশস্থ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. সিদ্দিকুর রহমান।

প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় আসার কথা রয়েছে। যাদেরকে লটারির মাধ্যমে বাছাই করা হচ্ছে বলে জানা গেছে। 

এ সময় নবাগত কর্মীদের উদ্দেশে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “মালয়েশিয়ার আইন অনুযায়ী, আপনারা যে কোম্পানির ভিসা নিয়ে এ দেশে এসেছেন, সেই কোম্পানি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা এজেন্টের প্ররোচনায় অন্য কোথাও কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন আইনি জটিলতায় পড়তে পারেন। তাই কোনো ব্যক্তি বা এজেন্টের প্রলোভন কিংবা ভুল পরামর্শে প্রভাবিত না হয়ে নিজ নিজ নিয়োগকর্তা ও ভিসার শর্ত মেনে কাজ করার আহ্বান জানাচ্ছি।”


উল্লেখ্য, বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথমবার বন্ধ হয় ২০০৮ সালে। এরপর ২০১৬ সালে শ্রমবাজারটি আবার খোলা হলেও দুর্নীতির অভিযোগের মুখে ২০১৮ সালে ফের বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০২২ সালে বাজারটি আবার খুললেও ২০২৪ সালে বন্ধ হয়ে যায়।

২০১৮ এবং ২০২২ সালে সই করা সমঝোতায় স্মারকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৩১ মে বন্ধ হওয়া দেশটির শ্রমবাজারে বন্ধ দুয়ার আজ খুলেছে।

 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত