• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষে আমিরাত, বাংলাদেশের অবস্থান কতো?

প্রকাশিত: ২৩:১৫, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষে আমিরাত, বাংলাদেশের অবস্থান কতো?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অন্যদিকে, ৯৭টি অবস্থানের মধ্যে বাংলাদেশের স্থান হয়েছে ৯১তম। তবে ১৯৯টি দেশ ও অঞ্চলের ইন্ডিভিজুয়াল র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০তম। দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।

কানাডাভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটালের বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে।

সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টের মোবিলিটি স্কোর ৪৮। এ পাসপোর্ট নিয়ে ১৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়। ২৮টি দেশে রয়েছে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা। তবে ১৫০টি দেশে যেতে বাংলাদেশি পাসপোর্টধারীদের আগাম ভিসা নিতে হয়।

আর্টন ক্যাপিটালের ইন্ডিভিজুয়াল পাসপোর্ট পাওয়ার র‌্যাংক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সংযুক্ত আরব আমিরাতের। দেশটির মোবিলিটি স্কোর ১৮২। আমিরাতের পাসপোর্টধারীরা ১৩৯টি দেশে ভিসা ছাড়াই এবং ৪৩টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন। মাত্র ১৬টি দেশে যেতে তাদের আগাম ভিসার প্রয়োজন হয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। উভয় দেশের মোবিলিটি স্কোর ১৭৫। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৪০টি দেশে ভিসামুক্ত এবং ৩৫টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারেন। অন্যদিকে, মালয়েশিয়ার নাগরিকরা ১২৯টি দেশে ভিসা ছাড়া এবং ৪৬টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ পান।

তালিকার তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, স্পেন, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে, আয়ারল্যান্ড ও জাপান।

অনেকগুলো দেশ একই অবস্থানে থাকায় তালিকায় মোট ৯৭টি ক্রম দেখানো হয়েছে। সেই হিসাবে বাংলাদেশের অবস্থান ৯১তম।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। এরপর রয়েছে ভারত, ভুটান, শ্রীলংকা ও নেপাল। এ অঞ্চলের আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। পাকিস্তান রয়েছে সপ্তম এবং আফগানিস্তান অষ্টম স্থানে।

তালিকা অনুযায়ী, মালদ্বীপের অবস্থান ৪৬তম। দেশটির পাসপোর্টধারীরা ৬০টি দেশে ভিসা ছাড়া এবং ৪২টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারেন।

ভারতের অবস্থান ৭১তম। দেশটির নাগরিকরা ৩১টি দেশে ভিসামুক্ত এবং ৪০টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

ভুটান রয়েছে ৭৮তম অবস্থানে। দেশটির পাসপোর্টধারীরা ২১টি দেশে ভিসা ছাড়া এবং ৪১টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারেন।

শ্রীলংকার অবস্থান ৮৭তম। দেশটির নাগরিকরা ১৯টি দেশে ভিসামুক্ত এবং ৩৪টি দেশে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পান।

অন্যদিকে, ৮৮তম অবস্থানে থাকা নেপালের পাসপোর্টধারীরা ১৫টি দেশে ভিসা ছাড়া এবং ৩৭টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারেন।

বাংলাদেশের অবস্থান ৯১তম। আর ৯৪তম অবস্থানে থাকা পাকিস্তানের নাগরিকরা ১৩টি দেশে ভিসা ছাড়া এবং ৩০টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার নিচে রয়েছে আফগানিস্তান। বিশ্ব তালিকায় দেশটির অবস্থান ৯৭তম। আফগান পাসপোর্টধারীরা মাত্র ছয়টি দেশে ভিসা ছাড়া এবং ২৯টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারেন।

পাসপোর্টের শক্তি কীভাবে নির্ধারণ করা হয়?
পাসপোর্টের শক্তি মূলত নির্ভর করে একটি দেশের নাগরিকরা কত সহজে বিশ্বের অন্যান্য দেশে ভ্রমণ করতে পারেন, তার ওপর। এ ক্ষেত্রে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়া ই-ভিসার সুবিধা বিবেচনা করা হয়।

ভিসামুক্ত প্রবেশের অর্থ হলো, কোনো দেশে যাওয়ার আগে ভ্রমণকারীকে ভিসা নিতে হয় না। অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে গন্তব্য দেশে পৌঁছানোর পর বিমানবন্দর বা নির্ধারিত প্রবেশপথে ভিসা সংগ্রহ করতে হয়।

অন্যদিকে, ইটিএ হলো ভিসামুক্ত দেশের নাগরিকদের জন্য আগাম অনলাইন ভ্রমণ অনুমোদন। আর ই-ভিসা হলো অনলাইনে আবেদন করে পাওয়া ভিসা।

আর্টন ক্যাপিটালের হিসাবে, মোবিলিটি স্কোর দিয়ে একটি পাসপোর্ট ব্যবহার করে কতটি গন্তব্যে তুলনামূলক সহজে যাওয়া যায়, তা পরিমাপ করা হয়। ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইটিএ এবং তিন কর্মদিবসের মধ্যে ইস্যু করা নির্দিষ্ট ধরনের ই-ভিসা এ স্কোরের অন্তর্ভুক্ত। স্কোর যত বেশি, পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণের সুযোগও তত বেশি।

২০১৪ সালে আর্টন ক্যাপিটাল পাসপোর্ট ইনডেক্স চালু করে। প্রতিষ্ঠানটি গ্লোবাল, ইন্ডিভিজুয়াল ও ওয়েলকামিং—এই তিন ধরনের র‌্যাংকিং প্রকাশ করে।

গ্লোবাল র‌্যাংকিংয়ে মূলত মোবিলিটি স্কোর বিবেচনা করা হয়। অন্যদিকে, ইন্ডিভিজুয়াল র‌্যাংকিংয়ে মোবিলিটি স্কোরের পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচক (এইচডিআই) বিবেচনায় নেওয়া হয়। ফলে একই মোবিলিটি স্কোর থাকা দেশগুলোর অবস্থান দুই ধরনের তালিকায় আলাদা হতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন: